জগন্নাথপুর ও বড়লেখায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

 
Print This
 

নিউজমিডিয়াবিডি.কম, সিলেট প্রতিনিধি, ১০ মে : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের খেগাউড়া হাওরে ধান কাটতে গিয়ে কালাম মিয়া (৩৭)  নামের এক কৃষি শ্রমিক  বজ্রপাতে মারা গেছে। নিহত কৃষি শ্রমিক সৈয়দপুর আড়িকোনা গ্রামের ফিরোজ মিয়ার বাড়িতে কৃষি কাজ করত। বৃহস্পতিবার রাতে হাওর থেকে ধান আনতে গেলে বজ্রপাতে কবলে পড়ে তার মৃত্যু হয়। গতকাল শুক্রবার তার লাশ গ্রামের বাড়ি কেন্দুয়া থানার দুলিয়ারগাঁও গ্রামে পাঠানো হয়েছে।
এদিকে বড়লেখায় বজ্রপাতে মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র মালাকার (৬৫)। শুক্রবার সকালে বাড়ীর পাশের জমিতে চাষাবাদের সময় বজ্রপাতে তিনি মারা যান। তার বাড়ী উপজেলার দাসেরবাজার ইউনিয়নের কোদালী গ্রামে। জীবদ্দশায় তিনি খাস ভূমি পেলেও দখলে যেতে পারেননি।
এলাকাবাসী ও হাসপাতাল সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত শুক্রবার সকাল আনুমানিক নয়টার দিকে বাড়ী পাশে জমিতে চাষাবাদ করার সময় সুবল চন্দ্র মালাকারের উপর বজ্রপাত পড়ে। তাকে গুরুতর আহত অবস্থায় বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি মৃত্যুকালে ১ স্ত্রী, ৭ মেয়ে ও ২ ছেলে সহ আত্মীয় স্বজন  রেখে গেছেন।
নিহতের ছোট ভাই সুধীর মালাকার জানান, একাত্তরের রনাঙ্গনে তার বড় ভাই সুবল মালাকার  জীবন বাজী রেখে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। সেই সময় সম্মুখ যুদ্ধে পাক বাহিনীর এলএমজি ব্রাশ ফায়ারের গুলি সুবল মালাকারের মাথার উপর দিয়ে যাবার সময় চুলে আগুন লেগে যায়। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান। তিনি আক্ষেপ করে বলেন, সহায়-সম্বলহীন মুক্তিযোদ্ধা হিসেবে তার ভাই খাস ভূমি পেলেও প্রভাবশালীর কারণে দখলে যেতে পারেননি।
নিহত  মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র মালাকারকে এদিন রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে সংসদ সদস্য মোঃ শাহাব উদ্দিন ও উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিরাজ উদ্দিন শোক বিবৃতিতে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

নিউজমিডিয়াবিডি.কম  / May 10, 2013 8:01 pm
 
 
 
 
 
 



Hit Counter provided by technology reviews