বিচার বিভাগীয় তদন্ত না হলে জাতিসংঘে যাবো: মওদুদ
নিউজমিডিয়াবিডি.কম, ঢাকা, ১০ মে : হেফাজতের অবস্থান কর্মসূচিতে অভিযানের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, “এত বড় ঘটনাকে আড়াল করা যাবে না। আমরা সরকারের কাছে বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানাই। বিচার বিভাগীয় একটি তদন্ত কমিশন গঠন করা হোক। আর যদি সেটা না করেন তা হলে জাতিসংঘের মাধ্যমে একটি তদন্ত কমিশন গঠন করুন। আপনারা না করলে আমরা জাতিসংঘের কাছে এ বিষয়ে কমিশন গঠন করে তদন্ত করার দাবি জানাবো।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স কক্ষে বর্তমান সংকট নিরসনে সংলাপের প্রয়োজনীয়তা শীর্ষক বাংলাদেশ ইয়থ ফোরাম আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
বন্দুকের সাহায্যে সব সময় দেশের মানুষের কন্ঠকে রোধ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “কত গুলি চালাবেন, একটা সময় আসবে যখন আর বন্দুকের নল দিয়ে গুলি বের হবে না।”
তিনি বলেন, “এই সরকার আসার পর থেকেই একটা অসহনশীল, অসহিষ্ণু ও প্রতিহিংসামূলক আচরণ করে আসছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতির জন্য ক্ষতিকর্। তারা মনে করছে ক্ষমতায় আছে, যেমন ইচ্ছা তেমন চালাবে। এমন সময় আসবে যখন সরকার তাদের বর্তমান কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে।”
হেফাজতের অবস্থান কর্মসূচিতে অভিযানের বিষয়ে তিনি বলেন, “যারা আজ সরকার চালাচ্ছে একদিন তাদের সব নেতা অনুতপ্ত হবেন এই ভেবে যে জনগণ তাদের নির্বাচন করে জনসেবার সুযোগ দিয়েছে। কিন্তু সরকার তার বদলে অনেক অপ্রয়োজনীয় কাজ করেছে। জনসেবার সুযোগ হাতছাড়া করেছে। তার জন্য অনুতপ্ত হবে।”
তিনি বলেন, “শাহবাগ গণজাগরণ মঞ্চ সরকারের প্রশ্রয়েই হয়েছে। সরকার মনে করেছে, এটা করে তারা একটা আলোড়ন ফেলে দেবে। শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরির ফলেই আমাদের রাসূলকে ব্লগাররা কটাক্ষ করেছে। ফলে হেফাজতের সৃষ্টি হয়েছে। আর তারই অংশ হিসেবে ৫ মে হেফাজতের সমাবেশ হয়েছে। অথচ রাতের অন্ধকারে তাদের হটাতে যে হামলা চালানো হয়েছে তা বর্বরতাকে হার মানায়।”
মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ১৮ দলীয় জোট নেতা আবু নাসের রহমতউল্লাহ বক্তব্য রাখেন।
