কুমিল্লায় বজ্রপাতে ৭ জন নিহত

 
Print This
 

মোঃ সাইফুল ইসলাম ও মো: নাজিম উদ্দিন, কুমিল্লা থেকে, ০৯ মে : কুমিল্লায় কালবৈশাখী ঝড়ের সময় হঠাৎ বজ্রপাতে কুমিল্লার চান্দিনা, মুরাদনগর, বুড়িচং, লাকসাম, দাউদকান্দি উপজেলায় ১ জন করে ও তিতাসে ২ জনসহ ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৭ জন। বৃহস্পতিবার সারা দিন কালবৈশাখী ঝড়ের সময় হঠাৎ বজ্রপাতে এ ঘটনা ঘটে।
চান্দিনায় বজ্রপাতে সহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার দুপুরে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ফাঐ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সহিদ চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, পার্শ্ববর্তী মেহার গ্রামের সাজেদা বেগম (৬০) ও সালাউদ্দিন (৩৪)। স্থানীয় সূত্রে জানা যায়, শ্বশুড় বাড়িতে বেড়াতে এসে জমি থেকে ধান নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সহিদ নিহত হয়।
মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রামে বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতে আবুল কালাম (২৮) নামে একজন কৃষক নিহত হয়েছে। সে ওই গ্রামের শামছু মিয়ার ছেলে। উক্ত ঘটনায় আরো ২ জন আহত হয়। এরা হলেন-নিহত কালামের ভাই মামুন মিয়া (২৫) ও মোসলেম মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৩০)। তাদেরকে চিকিৎসার জন্যে দেবিদ্বারের একটি হসপিটালে ভর্তি করা হয়েছে। তারা সকলেই স্থানীয় ইরি-বোরোর মাঠে ধান কাটতে গিয়েছিল।
বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বাকশিমুল মধ্যপাড়ায় ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আশিক (২২) নামে একজন নিহত ও মোখলেছুর রহমান (২১) নামে একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত আশিক বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বাকশিমুল মধ্যপাড়া এলাকার মোখলেছুর রহমান খন্দকারের ছেলে ও আহত মোখলেছুর রহমান একই বাড়ির আলী আক্কাসের ছেলে।
লাকসাম বজ্রপাতে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের মজুমদা গ্রামের মাঠ থেকে ধানের বোঝা নিয়ে বাড়ি ফেরার পথে ওই গ্রামের আবুল হোসেনের পুত্র সোহাগ মিয়া (২৬) ঘটনাস্থলে নিহত হয়। উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের আউশপাড়া গ্রামে মাঠে কাজ করার সময় মৃত ফজর আলীর ছেলে আবদুল মান্নান (৪০) গুরুতর আহত হয়। তাকে লাকসামের একটি কিনিকে ভর্তি করা হয়েছে। এদিকে, মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া গ্রামে মাঠ থেকে ধানের বোঝা নিয়ে বাড়ি ফেরার সময় ইসমাইল হোসেনের ছেলে খলিলুর রহমান (১৮) নামে এক যুবক আহত হয়েছে। তাকে লাকসাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিতাসে বৃহস্পতিবার সকালে পৃথক স্থানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতেরা হলেন, উপজেলার কড়িকান্দি ইউনিয়নের চররাজাপুর গ্রামের মো.আক্তার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৩৫) এবং ভিটিকান্দি ইউনিয়নের প্রতিবন্দি জামাল উদ্দিনের ছেলে মো. সাদ্দাম হোসেন (১৮)। প্রত্যদর্শীরা জানায়, আকাশে মেঘের ভার দেখে জমির কাজ ফেলে বাড়ী ফেরার সময় ও গৃহিণী সেলিনা আক্তার বাড়ীর আঙ্গীনায় ধান সামলাতে গিয়ে বজ্রপাতের বিকট শব্দে আহত হয়। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাবস্থায় মারা যায়।নিহতদের পরিবারের বিলাপের সুরে ভারি হয়ে উঠছে এলাকার আকাশ বাতাস।
বুধবার সন্ধ্যায় দাউদকান্দিতে বজ্রপাতে ১ জন মারা গেছে। দাউদকান্দি পৌর সদরের কম্পিউটার ব্যবসায়ী প্লাবন মিয়া বৃষ্টির সময় ছাদে গেলে বজ্রপাতে সে মারা যায়। প্লাবন মিয়া চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ঢানা গ্রামের মোঃ শাহজাহান মিয়ার পুত্র । সে দাউদকান্দি পৌর সদরে আসমত আলী চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া।

নিউজমিডিয়াবিডি.কম  / May 9, 2013 7:56 pm
 
 
 
 
 
 



Hit Counter provided by technology reviews