এ বছর হজ ফ্লাইট শুরু হবে ৭ সেপ্টেম্বর
নিউজমিডিয়াবিডি.কম, ঢাকা, ৮ মে : এ বছর হজের সময়সীমা ৪৫ দিনের মধ্যে রাখা হবে। এজন্য হজ গমনেচ্ছুদের খরচ হবে ১৪৭৫ মার্কিন ডলার। পাশাপাশি ২০-২২ দিনের সংক্ষিপ্ত প্যাকেজও ঘোষণা করা হবে। এজন্য ব্যয় ধরা হয়েছে ২৫৫০ মার্কিন ডলার।
সংক্ষিপ্ত প্যাকেজের যাত্রীদের বিমানের বিজনেস ক্লাশ বাধ্যতামূলক করা হয়েছে। সংক্ষিপ্ত প্যাকেজে মোট ১৫০০ লোক যেতে পারবেন।
বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত হজ ফ্লাইট পর্যালোচনা সভায় এ তথ্য জানান হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সচিব খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, সরকার এ বছর ১ লাখ ৩০ হাজার হজযাত্রীর প্রস্তুতি নিয়েছে যার সমান হারে বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ার লাইন্স পরিবহন করবে। সে হিসেবে বাংলাদেশ বিমান ৬৫ হাজার যাত্রী পেলেও প্রায় ৭০ হাজার যাত্রীর প্রস্তুতি নিয়েছে।
এ বছর হজ ফ্লাইট ৭ সেপ্টেম্বর শুরু হয়ে ৯ অক্টোবরে শেষ হবে। ফিরতি ফ্লাইট ২০ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর শেষ হবে।
নিউজমিডিয়াবিডি.কম / May 8, 2013 10:24 pm