মিরসরাইয়ে গ্রামবাসীর সাথে হ্যাচারী শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০
নিউজমিডিয়াবিডি.কম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি, ২৬ এপ্রিল : চট্টগ্রামের মিরসরাইয়ে দক্ষিণ সোনাপাহাড় এলাকায় অবস্থিত নাহার এগ্রো হ্যাচারী কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীদের সাথে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষে উভয় পরে নারীসহ ৪০ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষে আহতরা হল এলাকাবাসী শাহাদাৎ হোসেন, মোহাম্মদ হাশেম, জামাল উদ্দিন, শামসুল আলম, আবু তাহের, মো আরিফ, সালাহ উদ্দিন, শাহ আলম, আশরাফ উদ্দিন, আনোয়ার হোসেন, রুজিনা আক্তার ও নাজমা বেগম, নাহার পোলট্রির কর্মচারী সাইফুল ইসলাম, নুরুল মোস্তফা, নাছির উদ্দিন, নেছার আহম্মদ, আনিসুর রহমান, আবু নোমান, সজিব, জোবাইদ ও খলিল। এসময় হ্যাচারীর কর্মচারী আবুল বশরের বাড়িতে হামলা করেছে বলে অভিযোগ করেন নাহার এগ্রো হ্যাচারীর এমডি রাকিবুর রহমান টুটুল।
জানা গেছে, উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামে (মস্তান নগর) অবস্থিত নাহার এগ্রো হ্যাচারীজ এন্ড পোল্ট্রি লিমিটেডের সাথে দীর্ঘদিন ধরে গ্রামের একমাত্র চলাচলের রাস্তা নিয়ে সমস্যা, যত্রতত্র বর্জ নিক্ষেপ এবং হ্যাচারীজের হাই ভোল্টেজ ৬টি জেনারেটরের বিকট শব্দে পরিবেশ দূষণ নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বেশ কয়েকদফা উভয় পক্ষের মধ্যে বৈঠকও করেছেন।
শুক্রবার সকালে ফরেষ্ট অফিসের সড়ক ব্যারিকেড দেয় এলাকাবাসী। এসময় এলাকাবাসী নাহার এগ্রোর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। এরপর নাহার এগ্রোর কর্মচারীরা ব্যারিকেড তুলতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দুপুরে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসুদ আহাম্মদ ঘটনাস্থলে গিয়ে তিন দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে।
এলাকাবাসী জানান, নাহার এগ্রো কমপ্লেক্স দীর্ঘদিন ধরে একটি হ্যাচারীর হাই ভোল্টেজ জেনারেটরের বিকট শব্দ আর চলাচলের রাস্তা দখলকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছে কয়েক হাজার গ্রামবাসী।
এবিষয়ে নাহার এগ্রো হ্যাচারীর ম্যানেজার ফাহিম উদ্দিন ভূঁইয়া বলেন, কোন কারণ ছাড়াই রাস্তায় ব্যারিকেড দেয় তারা। শুক্রবার সকালে হ্যাচারী থেকে ওষুধ নিয়ে আমাদের একটি গাড়ি করেরহাট যাওয়ার পথে বাঁধা দেয় এলাকার কিছু উশৃংখল লোক। রাস্তায় ব্যারকেড দিয়ে আমাদের গাড়ি আটকে দেয়। খবর পেয়ে আমি আমাদের কয়েকজন কর্মচারী ব্যারিকেড তুলতে গেলে তাদের উপর হামলা করা হয়। এছাড়া তারা হ্যাচারীর গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়।
এপ্রসঙ্গে নাহার এগ্রো হ্যাচারীজ এন্ড পোল্ট্রি লিমিটেডের এমডি রাকিবুর রহমান টুটুল বলেন, ‘আমরা এখানে ব্যবসা করতে এসেছি কারো সাথে মারামারি করতে আসিনি। গ্রামের কিছু লোকজন আমার শ্রমিকদের ওপর হামলা করেছে পাল্টা তারাও ইটপাটকেল নিক্ষেপ করেছে।’ এসময় তিনি নাহার এগ্রোর ১৫ জন শ্রমিক আহত হয়েছে বলে দাবি করেন।
এ বিষয়ে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও নাহার এগ্রো কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আগামী তিনদিনের মধ্যে সমস্যার সমাধান করব আশ্বাস দেয়ার পর এলাকাবাসী সড়ক থেকে ব্যারিকড তুলে নেয়। তিনি আরো বলেন, যা ঘটে গেছে তা অনাকাঙ্খিত। তিনদিনের মধ্যেই সুষ্টু সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতিও স্বাভাবিক।
