রিয়ালকে ৪-১ গোলে হারিয়েছে ডর্টমুন্ড
নিউজমিডিয়াবিডি.কম, স্পোর্টস ডেস্ক, ২৫ এপ্রিল: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সার পর জার্মানিদের কাছে নাকানি-চুবানি খেয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এবার সেমিফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৪-১ ব্যবধানে হেরেছে হোসে মরিনহোর শিষ্যরা।
আগের দিন বার্সোলোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল আরেক জার্মান দৈত্য বায়ার্ন মিউনিখ । তাই এ ম্যাচে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে।
সিগন্যাল ইদুনা পার্কে সেই উত্তেজনাকেই কাজে লাগিয়েছে পোলান্ড স্ট্রাইকার রবার্ট লেওয়ানদস্কি। আর তার আগুন ফর্মে দগ্ধ হয়েছে রিয়াল মাদ্রিদ। ৮ মিনিটে রিয়ালের জালে বল জড়ানোর মধ্যদিয়ে সূচিত হয় সেই চিত্রনাট্যের। তবে ৪৩ মিনিটে একটি গোল শোধ করেছে রিয়াল। গোল করেন রিয়ালের পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো।
বিরতির পর খেলায় ফিরতে মরিয়া হয়ে উঠেছিল হোসে মরিনহোর শিষ্যরা। তাদের সে আশাকে পুরোপুরি চূর্ণ-বিচূর্ণ করেছেন বরুসিয়া স্ট্রাইকার রবার্ট লেওয়ানদস্কি। দ্বিতীয়ার্ধে একাই গুণে গুণে আরও তিনবার (৫০ মি., ৫৫মি. ও ৬৬ মি.) রিয়ালের জাল কাঁপিয়েছেন তিনি।
জার্মানি থেকে বার্সা খালি হাতে ফিরলেও রিয়ালের জন্য আশার বস্তু অ্যাওয়ে ম্যাচের এক গোল।
৩০ এপ্রিল বার্নাব্যুতে ফিরতি লেগে মুখোমুখি হবে দু’দল।
নিউজমিডিয়াবিডি.কম / April 25, 2013 4:45 pm